টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়কে পানি উঠে যাওয়ায় একাধিক গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এর ফলে জনপ্রিয় পর্যটন এলাকা সাজেকের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দীঘিনালা-সাজেক সড়কের কবাখালী, বাঘাইহাট বাজার ও মাচালং বাজারসংলগ্ন এলাকায় সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে খাগড়াছড়ি-দীঘিনালা-লংগদু সড়কের মেরুং অংশেও পানি উঠে যাওয়ায় ওই পথেও যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
মেরুং ইউনিয়নের হেডকোয়ার্টার সেতুসহ সড়কের একাধিক অংশ ডুবে যাওয়ায় বড় মেরুং, আটারকছড়া ও তেঁতুল এলাকার সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরপাল্লার যাত্রীদেরও চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা দল গঠন করেছে। ইতোমধ্যে নিরাপদ আশ্রয়কেন্দ্রে কয়েকটি পরিবারকে স্থানান্তর করা হয়েছে। তাদের জন্য খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি চিকিৎসা দল, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদেরও প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে, টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনাও ঘটেছে। এতে সড়ক যোগাযোগ আরও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রশাসন পাহাড়ের পাদদেশে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় জেলার বিভিন্ন স্থানে ১৩৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব কেন্দ্রে শুকনো খাবারসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।