টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকায় ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। পৃথক দুটি দুর্ঘটনায় ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়ে প্রাণ হারান তারা। ঘটনার পর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে লামা উপজেলার আজিজনগরের মিশনপাড়া এলাকায় প্রথম পাহাড়ধসের ঘটনা ঘটে। পাহাড় থেকে নেমে আসা মাটি একটি বসতঘরের ওপর ধসে পড়লে ঘরের ভেতরে থাকা একই পরিবারের তিন সদস্য চাপা পড়েন। পরে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
এর কিছু সময় পর একই এলাকার আরেকটি বাড়িতে দ্বিতীয় দফায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে ঘরের দেয়াল ও মাটির নিচে চাপা পড়ে এক দম্পতির মৃত্যু হয়। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। দুই ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টানা বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি আরও বেড়েছে। পাশাপাশি নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় জনজীবন ও সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
প্রশাসন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী অনেক মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার চেষ্টা চললেও অনেকে এখনো নিরাপদ স্থানে যেতে অনাগ্রহী। তাদের সরিয়ে নিতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। একই সঙ্গে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। টানা বর্ষণের এই সময়ে পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ ঢালে বসবাসকারী সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।