গ্রামবাংলাকেই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল ভিত্তি উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস

গ্রামবাংলা আমাদের শিকড়-শক্তি ও সম্ভাবনার আধার: রাষ্ট্রপতি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ জুলাই ২০২৬, সকাল ৯:৫৮ সময় , আপডেট সময় : ৬ জুলাই ২০২৬, সকাল ৯:৫৮ সময়

গ্রামবাংলাকেই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল ভিত্তি উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করেন। তাই গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে পারলেই টেকসই জাতীয় উন্নয়ন সম্ভব। জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।


তিনি জানান, শহরকেন্দ্রিক উন্নয়ন, শিল্পায়ন এবং সীমিত বিকেন্দ্রীকরণের কারণে গ্রামীণ অবকাঠামো ও পল্লী অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এ অবস্থায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং উন্নত ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে পল্লী উন্নয়নে সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


রাষ্ট্রপতি বলেন, “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন দেশের গ্রামীণ উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে। তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ের মানুষকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ধারাবাহিকতায় সরকার স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গঠন, যুব ও নারী উদ্যোক্তা তৈরি এবং কৃষি ও অকৃষি খাতের উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।


রাষ্ট্রপতি সবার প্রতি নিজ নিজ অবস্থান থেকে গ্রামীণ উন্নয়নের অগ্রযাত্রায় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আধুনিক, উৎপাদনশীল ও আত্মনির্ভরশীল গ্রামবাংলা গড়ে তোলাই দেশের টেকসই অগ্রগতির অন্যতম শর্ত। তিনি জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনাও করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯