ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সফরকালে তিনি ইরানের রাষ্ট্রপতিসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের পক্ষ থেকে সমবেদনা ও সংহতি প্রকাশ করেন। রোববার রাত ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান স্পিকার। এর আগে ২ জুলাই তিনি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
তেহরানের গ্র্যান্ড মসাল্লায় আয়োজিত রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। সফরের সময় স্পিকার ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি শোকাহত ইরানি জনগণের প্রতি বাংলাদেশের সমবেদনা ও সংহতির বার্তা পৌঁছে দেন।
এ ছাড়া দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়। স্পিকার ইরানের পার্লামেন্টের সভাপতিকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং সাম্প্রতিক শান্তি উদ্যোগে তার ভূমিকার প্রশংসা করেন। উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল জন্মগ্রহণ করেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।