চলমান ফুটবল বিশ্বকাপে আত্মঘাতী গোলের নতুন বিশ্ব রেকর্ড গড়ে উঠেছে। টুর্নামেন্টের ৩২ দলের পর্ব শেষ হওয়ার আগেই আত্মঘাতী

এবারের বিশ্বকাপে আত্মঘাতি গোলের ছড়াছড়ি, হলো নতুন বিশ্ব রেকর্ড

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ জুলাই ২০২৬, সকাল ৯:৪৭ সময় , আপডেট সময় : ৫ জুলাই ২০২৬, সকাল ৯:৪৭ সময়

চলমান ফুটবল বিশ্বকাপে আত্মঘাতী গোলের নতুন বিশ্ব রেকর্ড গড়ে উঠেছে। টুর্নামেন্টের ৩২ দলের পর্ব শেষ হওয়ার আগেই আত্মঘাতী গোলের সংখ্যা পৌঁছে গেছে ১৪-তে, যা বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ। এর আগে ২০১৮ সালের বিশ্বকাপে সর্বোচ্চ ১২টি আত্মঘাতী গোলের রেকর্ড হয়েছিল। আট বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাসের জন্ম দিল ২০২৬ সালের আসর।


বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মিশরের ডিফেন্ডার মোহামেদ হানি আত্মঘাতী গোল করলে আত্মঘাতী গোলের সংখ্যা দাঁড়ায় ১৩-তে। এর মধ্য দিয়েই ২০১৮ সালের রেকর্ড পেছনে ফেলে নতুন মাইলফলক স্পর্শ করে চলমান বিশ্বকাপ। তবে রেকর্ড সেখানেই থেমে থাকেনি। পরে আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচে আরও একটি আত্মঘাতী গোল হয়। অতিরিক্ত সময়ের ১১১তম মিনিটে কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোরগেস নিজের জালে বল জড়িয়ে ফেলেন। সেই গোলের সুবাদেই ৩-২ ব্যবধানে জয় পেয়ে পরের রাউন্ডে জায়গা করে নেয় আর্জেন্টিনা।


পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে মাত্র দুবার আত্মঘাতী গোলের সংখ্যা দুই অঙ্ক ছুঁয়েছে। প্রথমবার ২০১৮ সালে ১২টি এবং এবার ২০২৬ সালে ১৪টি আত্মঘাতী গোল হয়েছে। বাকি ২১টি আসরের কোনো একটিতেও আত্মঘাতী গোলের সংখ্যা ১০-এ পৌঁছায়নি। বিশ্বকাপ ইতিহাসে কয়েকটি আসরে কোনো আত্মঘাতী গোলই হয়নি। ১৯৩৪, ১৯৫০, ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৯০ সালের বিশ্বকাপে একটি আত্মঘাতী গোলও দেখা যায়নি।


বিশ্বকাপের ইতিহাসে প্রথম আত্মঘাতী গোলের ঘটনাটি ঘটে ১৯৩০ সালে। সে সময় চিলির বিপক্ষে ম্যাচে মেক্সিকোর ডিফেন্ডার ম্যানুয়েল রোসাস নিজের জালে বল পাঠিয়ে অনাকাঙ্ক্ষিত সেই ইতিহাসের সূচনা করেছিলেন। ফুটবল বিশ্লেষকদের মতে, আধুনিক ফুটবলে দ্রুতগতির আক্রমণ, উচ্চচাপের ম্যাচ এবং রক্ষণভাগে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বেড়ে যাওয়ার কারণে আত্মঘাতী গোলের সংখ্যাও আগের তুলনায় বৃদ্ধি পাচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯