র্যাগিংয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার শেখানোর’ নামে র্যাগিং করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (৪ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই গভীর রাতে ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের নিয়ে র্যাগিংয়ে অংশ নেন। অভিযোগ অনুযায়ী, রাত ১১টা থেকে প্রায় ২টা পর্যন্ত নবীনদের বিভিন্নভাবে মানসিকভাবে হেনস্তা করা হয়। প্রশাসনের মতে, এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে ক্যাম্পাস, বিভাগ বা আবাসিক হলে র্যাগিং কিংবা কোনো ধরনের নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা থাকলেও অভিযুক্তরা সেই নিয়ম ভঙ্গ করেছেন।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের শনাক্ত করে। পরে ভুক্তভোগী নবীন শিক্ষার্থীরা লিখিত অভিযোগ জমা দেন। তদন্তের প্রাথমিক পর্যায়ে অভিযুক্ত শিক্ষার্থীরাও ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি লিখিতভাবে স্বীকার করেছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, চূড়ান্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে র্যাগিংয়ের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর অবস্থানে থাকার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের নিরাপদ ও ভীতিমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।