ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে এ বিষয়ে এখন পর্যন্ত উল্লেখযোগ্য বা দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলেও তিনি জানিয়েছেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সরকারি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। সংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহত থাকলেও নতুন কোনো অগ্রগতির তথ্য এই মুহূর্তে নেই।
বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় সরকার। কোনো একটি দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অন্য কোনো দেশের উদ্বেগের কারণ হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী আরও জানান, চীনের সঙ্গে প্রস্তাবিত দ্বিপক্ষীয় সমন্বয় কাঠামো এবং অর্থনৈতিক করিডর সংক্রান্ত বিষয়গুলো বর্তমানে সরকারের পর্যালোচনায় রয়েছে। এসব বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। তিনি জানান, বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের ক্ষেত্রে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়েছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রয়েছে। এ ছাড়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজায় জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণকে দুই দেশের বিদ্যমান সুসম্পর্কের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি।