প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেশে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে

নতুন তিন উপজেলা ও একটি থানা অনুমোদন, ঢাকার সঙ্গে যুক্ত হল পূর্বাচল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ জুলাই ২০২৬, সকাল ৯:২৯ সময় , আপডেট সময় : ২ জুলাই ২০২৬, সকাল ৯:২৯ সময়

প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেশে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে দেশের মোট উপজেলার সংখ্যা বেড়ে ৪৯৮ এবং থানার সংখ্যা দাঁড়াবে ৬৪০-এ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে নতুন উপজেলা এবং চট্টগ্রামে নতুন থানা গঠনের প্রস্তাব অনুমোদন পায়।


সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রামের হাটহাজারী থানার কয়েকটি ইউনিয়ন নিয়ে ‘হালদা থানা’ নামে নতুন থানা প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠন করা হবে। কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা’ নামে নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা প্রতিষ্ঠা করা হবে।


সরকারের মতে, জনসংখ্যা বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমের সম্প্রসারণ এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এসব নতুন প্রশাসনিক ইউনিট গঠন করা হচ্ছে। এতে স্থানীয় জনগণ দ্রুত ও সহজে সরকারি সেবা গ্রহণের সুযোগ পাবেন। এদিকে রাজধানীর উপকণ্ঠে গড়ে ওঠা পূর্বাচল নতুন শহর প্রকল্পকে পুরোপুরি ঢাকা জেলার আওতায় আনারও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে একাধিক জেলার প্রশাসনিক সীমার মধ্যে থাকায় বিভিন্ন সেবা ও ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হচ্ছিল। নতুন সিদ্ধান্তের ফলে পূর্বাচলের প্রশাসনিক কার্যক্রম একক কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হবে।


একই দিনে পূর্বাচল এলাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। নিরাপত্তা জোরদারে সেখানে নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। ভবিষ্যতে এলাকায় একাধিক থানা, তদন্তকেন্দ্র ও পুলিশ স্থাপনা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংশ্লিষ্টদের মতে, নতুন উপজেলা ও থানা গঠনের ফলে প্রশাসনিক সেবার মান উন্নত হবে এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯