মাদরাসা শিক্ষকদের জন্য সুখবর। আগামী জুলাই মাস থেকেই নিয়মিত বেতন দেওয়া হবে এবং একই সঙ্গে দুই মাসের বকেয়া বেতনও পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী জানান, গত সেপ্টেম্বর থেকে এনটিআরসিএর মাধ্যমে দেশের বিভিন্ন মাদরাসায় প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট থাকায় এসব পদে নিয়োগ দেওয়া অত্যন্ত জরুরি ছিল। অন্তর্বর্তী সরকার দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছিল, যা একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ। তবে তিনি অভিযোগ করেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় নবনিযুক্ত শিক্ষকদের বেতন পরিশোধে জটিলতা তৈরি হয়। সরকার দায়িত্ব গ্রহণের পর দেখা যায়, মাদরাসা শিক্ষকদের বেতন পরিশোধের জন্য প্রায় ৫০১ কোটি টাকার প্রয়োজন হলেও বাজেটে সেই অর্থ সংরক্ষিত ছিল না। এ কারণেই গত দুই মাসের বেতন সময়মতো দেওয়া সম্ভব হয়নি।
শিক্ষামন্ত্রী আশ্বস্ত করে বলেন, জুলাই মাস থেকেই বকেয়া দুই মাসের বেতনসহ সব শিক্ষকের বেতন নিয়মিত পরিশোধ করা হবে। এতে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটবে এবং শিক্ষকরা স্বস্তি ফিরে পাবেন। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশেও গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত তরুণদের দল-মতের ঊর্ধ্বে উঠে মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন জীবন গড়ে তুলতে হবে। প্রকৃত ইসলামের আদর্শ অনুসরণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। মাদরাসা শিক্ষকদের বেতন নিয়ে দীর্ঘদিনের উদ্বেগের মধ্যে শিক্ষামন্ত্রীর এই ঘোষণা সংশ্লিষ্টদের জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।