দীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের সমাপ্তি টেনে অবসরে গেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখ রঞ্জন বিশ্বাস। অবসর উপলক্ষে বিদ্যালয়ে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে প্রিয় শিক্ষককে সম্মান জানান। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুখ রঞ্জন বিশ্বাস শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক, পরামর্শদাতা এবং একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার অন্যতম কারিগর। তার সততা, নিষ্ঠা ও শৃঙ্খলাবোধ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বিদায়ী বক্তব্যে তিনি দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরেন এবং সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত অনেকেই।
শিক্ষকতা জীবনের শুরু হয়েছিল ১৯৮৭ সালে সহকারী শিক্ষক হিসেবে। পরবর্তীতে বিভিন্ন দায়িত্ব পালন শেষে ২০০৭ সালে তিনি নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ সময় ধরে তিনি প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সাজানো একটি গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। পথজুড়ে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা হাত নেড়ে এবং ফুল ছিটিয়ে প্রিয় শিক্ষককে বিদায় জানান। ব্যতিক্রমী এই আয়োজন এলাকায় আবেগঘন এক পরিবেশের জন্ম দেয়।