আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারত একে একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং আঞ্চলিক শান্তির জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান ভূখণ্ডে পরিচালিত এই সামরিক অভিযান আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির পরিপন্থী। নয়া দিল্লির দাবি, নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট সামাল দিতে ব্যর্থ হয়েই পাকিস্তান প্রতিবেশী দেশের মাটিতে এমন পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে হামলায় নিহত ও আহত আফগান নাগরিকদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে ভারত।
আফগানিস্তানের অন্তর্বর্তী প্রশাসনের তথ্য অনুযায়ী, পূর্বাঞ্চলের কয়েকটি সীমান্তবর্তী এলাকায় চালানো বিমান হামলায় অন্তত ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৬৩ জন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, প্রথম হামলার পর উদ্ধারকাজে অংশ নিতে আসা লোকজনের ওপরও দ্বিতীয় দফায় বোমাবর্ষণ করা হয়েছে, যা মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত নিন্দনীয়।
অন্যদিকে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় দাবি করেছে, সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে এবং এতে বেশ কয়েকজন সশস্ত্র সদস্য নিহত হয়েছে। পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক এই হামলা আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। পাশাপাশি পুরো অঞ্চলের নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতির ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি।