ভারতের অযোধ্যায় নির্মিত রাম মন্দিরের অনুদান তহবিল ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। কোটি কোটি রুপির অনুদান ও মূল্যবান সামগ্রীর হিসাব নিয়ে প্রশ্ন ওঠার পর দেশটির রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে তীব্র আলোচনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মন্দির পরিচালনার দায়িত্বে থাকা ট্রাস্টের আর্থিক কার্যক্রমে অনিয়মের অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। প্রথমে ট্রাস্টের সাবেক এক পরিদর্শক হিসাব সংক্রান্ত অসঙ্গতির অভিযোগ প্রকাশ্যে আনেন। পরে বিরোধী রাজনৈতিক নেতারাও অনুদানের অর্থ ও মূল্যবান সম্পদের স্বচ্ছ হিসাব নিয়ে প্রশ্ন তোলেন।
ক্রমবর্ধমান বিতর্কের মুখে রাজ্য প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। একই সঙ্গে নগদ অর্থ ও উপহার সামগ্রী ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কয়েকজন কর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটির পর ট্রাস্টের কয়েকজন শীর্ষ কর্মকর্তা দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। এদিকে মন্দিরে অনুদান প্রদানকারী বহু ভক্ত ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা তাদের দেওয়া স্বর্ণালঙ্কার, রৌপ্য সামগ্রী এবং অন্যান্য মূল্যবান দানের সঠিক হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন। স্থানীয়দের একাংশের অভিযোগ, এই ঘটনা ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের প্রতি আঘাত হেনেছে।
পর্যবেক্ষকদের মতে, ঘটনাটি শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, রাজনৈতিক অঙ্গনেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে উত্তর প্রদেশে আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই বিতর্ক ক্ষমতাসীন শাসকদলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা