গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে দারুণ সূচনা করেছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা আলবিসেলেস্তেরা প্রথমার্ধের মাঝামাঝি সময়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়। গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত হওয়ায় এই ম্যাচে একাদশে বড় রদবদল করেন কোচ লিওনেল স্কালোনি। আগের ম্যাচের তুলনায় নয়টি পরিবর্তন নিয়ে মাঠে নামলেও আর্জেন্টিনার খেলায় তার কোনো প্রভাব পড়েনি।
ম্যাচের ১৯ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে পাওয়া ফ্রি-কিককে গোলে পরিণত করেন জিওভান্নি লো সেলসো। নিখুঁত শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন এই মিডফিল্ডার। তার দুর্দান্ত গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে নিজেদের হাতে তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
গোল হজমের পর জর্ডান সমতায় ফেরার চেষ্টা করলেও আর্জেন্টিনার রক্ষণভাগ ছিল বেশ সংগঠিত। ফলে শুরুতেই লিড নিয়ে স্বস্তিতে রয়েছে আকাশি-সাদা শিবির।