মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের প্রতিটি পদক্ষেপের মূল লক্ষ্য দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করা। শনিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণ তাদের প্রতিনিধিদের দেশের স্বার্থ রক্ষার দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবেই তিনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্বার্থ তুলে ধরার চেষ্টা করেছেন।
তিনি আরও বলেন, সরকারের রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি হলো ‘বাংলাদেশ প্রথম’। দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে আন্তর্জাতিক অঙ্গনে দৃঢ় অবস্থান নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী জানান, বিদেশ সফর থেকে যদি কোনো ইতিবাচক অর্জন হয়ে থাকে, সেটি কোনো ব্যক্তি বা দলের নয়; বরং পুরো বাংলাদেশের অর্জন। দেশের মানুষের জন্য সুফল বয়ে আনাই ছিল সফরের প্রধান উদ্দেশ্য।
সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সরকার ও বিরোধী দলের সদস্যরা দেশের স্বার্থে কাজ করার জন্য যে সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তা ভবিষ্যতের পথচলাকে আরও শক্তিশালী করবে।