বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম দাবি করেছেন, সংগঠনটির সাবেক সদস্যের সংখ্যা বর্তমানে এক কোটি ছাড়িয়েছে। একই সঙ্গে বর্তমানে লক্ষাধিক শিক্ষার্থী সরাসরি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সোমবার (২২ জুন) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
বক্তব্যে সংগঠনের আদর্শ ও কার্যক্রম তুলে ধরে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রশিবির সমাজে আদর্শবান, সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ নাগরিক গড়ে তুলতে কাজ করছে। এ সময় তিনি দেশের প্রশাসন ও সরকারের সমালোচনা করে বলেন, একটি বিশেষ সিন্ডিকেট মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার দাবি, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণেই সিলেটের জেলা প্রশাসককে (ডিসি) সরিয়ে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মো. নুরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী এবং সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।