দীর্ঘ সাড়ে তিন মাস পারস্য উপসাগরীয় অঞ্চলে আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের

সাড়ে ৩ মাস পর হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ জুন ২০২৬, সকাল ৯:৪৭ সময় , আপডেট সময় : ২৩ জুন ২০২৬, সকাল ৯:৪৭ সময়

দীর্ঘ সাড়ে তিন মাস পারস্য উপসাগরীয় অঞ্চলে আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন রাষ্ট্রীয় মালবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। নিরাপত্তাজনিত জটিলতা ও আঞ্চলিক উত্তেজনার কারণে এতদিন জাহাজটির যাত্রা বাধাগ্রস্ত ছিল। সোমবার গভীর রাতে জাহাজটি গুরুত্বপূর্ণ এই নৌপথ সফলভাবে অতিক্রম করে। বর্তমানে এটি জ্বালানি সংগ্রহের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জ্বালানি গ্রহণ শেষে জাহাজটির পরবর্তী বাণিজ্যিক গন্তব্য হবে দক্ষিণ আফ্রিকা।


জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক নৌ-তথ্যভান্ডারের তথ্য অনুযায়ী, সোমবার রাতে জাহাজটি ইরানের কেশম দ্বীপ ও ওমানের খাসাব উপকূলবর্তী এলাকার মধ্যবর্তী জলসীমা অতিক্রম করে ধীরে ধীরে হরমুজ প্রণালি পেরিয়ে যায়। যাত্রাপথে এর গতিবেগ ছিল প্রায় ৬ থেকে ৭ নটিক্যাল মাইল। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের এই জাহাজটি একটি বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে ভাড়াভিত্তিক পরিচালিত হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষদিকে সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরে পৌঁছানোর পর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় জাহাজটির স্বাভাবিক যাত্রা ব্যাহত হয়। ফলে দীর্ঘ সময় ধরে এটি পারস্য উপসাগর এলাকায় অবস্থান করতে বাধ্য হয়।


এ সময় কয়েক দফা হরমুজ প্রণালি অতিক্রমের উদ্যোগ নেওয়া হলেও নিরাপত্তা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। জাহাজটিতে কর্মরত ৩১ জন নাবিকের সবাই বাংলাদেশি নাগরিক। সম্প্রতি আঞ্চলিক পরিস্থিতির উন্নতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর জাহাজটি পুনরায় যাত্রা শুরু করে। অবশেষে বহু প্রতীক্ষার পর হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হওয়ায় নাবিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯