বিশ্বজুড়ে জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ গাস ফ্রিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া মার্কিন অভিনেতা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছে। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ সামাজিক মাধ্যমে এই তথ্য জানান বলে জানা গেছে। তার ভাষ্যমতে, অভিনেতা আনুষ্ঠানিকভাবে কালেমা শাহাদাত পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন।
এছাড়া দাবি করা হয়েছে, ইসলাম গ্রহণের পর তিনি মরক্কোর একটি মসজিদে শুটিং ইউনিটের সদস্যদের সঙ্গে নামাজেও অংশ নেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে তাকে মসজিদের ভেতরে প্রোডাকশন টিমের সদস্যদের সঙ্গে সারিবদ্ধভাবে নামাজ আদায় করতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। তবে এ ঘটনার আনুষ্ঠানিকভাবে স্বাধীন কোনো নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি।
প্রকাশিত তথ্য অনুযায়ী, সৌদি আরবে অবস্থানকালে মুসলিম সহকর্মীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং স্থানীয় সংস্কৃতি তাকে প্রভাবিত করেছে বলে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে স্থানীয় মানুষের আতিথেয়তা ও জীবনধারা তার ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে—এমন দাবিও করা হয়। বর্তমানে তিনি সৌদি আরবে নির্মাণাধীন বড় বাজেটের চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।
দীর্ঘ অভিনয়জীবনে ‘ব্রেকিং ব্যাড’, ‘বেটার কল সল’ ও ‘দ্য ম্যান্ডালোরিয়ান’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। গাস ফ্রিং চরিত্রে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয় এবং তাকে বিশ্বজুড়ে আলাদা পরিচিতি এনে দেয়।