মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এখনো রক্তের দাগ শুকায়নি, অথচ একটি ফ্যাসিবাদী চক্র আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শনিবার বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের শোকসভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ঐক্যবদ্ধ বিএনপি ও জাতীয়তাবাদী শক্তি জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করবে। তার দাবি, অতীতেও যেমন আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করা হয়েছে, ভবিষ্যতেও একইভাবে যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে। তিনি আরও বলেন, যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তারা এখন রাজনৈতিক বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে বিএনপি জনগণের দল হওয়ায় কোনো জনবিচ্ছিন্ন শক্তি তাদের ক্ষতি করতে পারবে না।
বিগত সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে টুকু বলেন, দীর্ঘ সময় ধরে জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন তারা, বিশেষ করে জিয়া পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন এবং তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন বক্তব্য দেন।