দেশে চাঁদাবাজি সম্পূর্ণভাবে বন্ধ করা গেলে সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৯ জুন) বিকেলে মুন্সীগঞ্জ শহরের রয়েল পার্টি সেন্টারে জেলা জামায়াতের বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ছাড়া চাঁদাবাজি বা সিন্ডিকেট কোনোভাবেই টিকে থাকতে পারে না। কারা এসবের সঙ্গে জড়িত, তা জনগণ জানে বলেও তিনি দাবি করেন। তার মতে, চাঁদাবাজি কমার পরিবর্তে বরং দিন দিন বেড়েই চলেছে। ডা. শফিকুর রহমান আরও বলেন, রাজনৈতিক দলগুলো যদি নিজেদের কর্মীদের সামাজিক অনাচার ও চাঁদাবাজি থেকে বিরত রাখতে ব্যর্থ হয়, তবে তাদের রাষ্ট্র পরিচালনার নৈতিক অধিকার নিয়ে প্রশ্ন ওঠে।
বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, সরকার কর কমালেও সাধারণ মানুষ তার সুফল পাচ্ছে না। তার অভিযোগ, বাজার নিয়ন্ত্রণ করছে কিছু প্রভাবশালী সিন্ডিকেট, যার কারণে সাধারণ ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না। গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সাংবাদিকদের উচিত সমাজের বাস্তব চিত্র তুলে ধরা এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখা। সম্মেলনে তিনি ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলাই লক্ষ্য হওয়া উচিত, যেখানে সবাই সমান বিচার ও অধিকার পাবে।