বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপে এবার এক ভিন্ন পরিচয়ে মাঠে নামছেন নরওয়ের তারকা আর্লিং হালান্ড। প্রথমবারের মতো এই মেগা টুর্নামেন্টে অংশ নিয়েই তিনি নিজের জার্সিতে বড় পরিবর্তন এনেছেন। সাধারণভাবে যেভাবে তিনি শুধু ‘হালান্ড’ নামে পরিচিত, এবার তার জার্সির পেছনে লেখা থাকবে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘ব্রাউত হালান্ড’। নরওয়ের ঐতিহ্য ও ভাইকিং সংস্কৃতির সঙ্গে তার গভীর টান সবসময়ই আলোচনায় থাকে। ইংল্যান্ডের লিডসে জন্ম হলেও তিনি কখনোই ইংলিশ জাতীয় দলকে বেছে নেননি। বরং নিজের শিকড়কে প্রাধান্য দিয়ে খেলছেন নরওয়ের হয়ে, যা ফুটবলপ্রেমীদের কাছে তাকে আরও বিশেষ করে তুলেছে।
তার মা গ্রাই মারিতা ব্রাউত একজন সাবেক ক্রীড়াবিদ, যিনি হেপ্টাথলনে অংশ নিয়েছিলেন। মায়ের এই ক্রীড়া-অবদান ও অনুপ্রেরণাকে সম্মান জানাতেই হালান্ড নিজের নামের সঙ্গে মায়ের পদবি ‘ব্রাউত’ যুক্ত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি অনেক সময় পুরো নাম ব্যবহার করেন, তবে এবার বিশ্বকাপের মতো বড় মঞ্চে এই সিদ্ধান্ত বিশেষভাবে নজর কাড়ছে।
১৯৯৮ সালের পর নরওয়ে আবার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে, আর এর পেছনে বড় ভূমিকা রেখেছেন হালান্ডের দুর্দান্ত পারফরম্যান্স। শক্তিশালী প্রতিপক্ষের গ্রুপে থাকলেও নকআউট পর্বে ওঠার সম্ভাবনা নিয়ে আশাবাদী দলটি। আর এই স্বপ্নযাত্রায় নরওয়ের নেতৃত্ব দিচ্ছেন নতুন পরিচয়ের সেই চেনা তারকা—ব্রাউত হালান্ড।