মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক বাস্তবায়নের প্রক্রিয়া চলমান থাকলেও নিজেদের সামরিক প্রস্তুতিতে কোনো ধরনের শিথিলতা আনছে না ইরান। বরং দেশটির সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে তেহরান। মঙ্গলবার দেশটির একটি সংবাদ সংস্থার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, সমঝোতা কার্যকর হওয়ার পুরো সময়জুড়েই সশস্ত্র বাহিনীর প্রস্তুতির মাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় আরও উচ্চ পর্যায়ে রাখা হবে।
তিনি জানান, চুক্তি বাস্তবায়নের পাশাপাশি জাতীয় প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। সামরিক মুখপাত্র আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সমঝোতা স্মারকের কোনো ধরনের লঙ্ঘন বা শর্ত ভঙ্গ হলে ইরান কঠোর প্রতিক্রিয়া জানাবে। শত্রুপক্ষ চুক্তির বাইরে কোনো পদক্ষেপ নিলে দ্রুত ও শক্ত অবস্থান নিয়ে আঞ্চলিক সামরিক পরিস্থিতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।
তার ভাষ্য অনুযায়ী, চুক্তি ভঙ্গের যেকোনো প্রচেষ্টার জবাবে ইরান প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত থাকলেও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের এই ঘোষণা ইঙ্গিত দিচ্ছে যে, সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য আগাম প্রস্তুতি ধরে রাখতে চায় তেহরান।