রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতের নাম মাফল, তিনি উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের চর গুজামানিকা গ্রামের বানু মিয়ার ছেলে। রোববার (১৪ জুন) তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায়। পরিবারের সূত্রে জানা যায়, প্রায় এক মাস ১২ দিন আগে জীবিকার সন্ধানে তিনি রাশিয়ায় যান। এরপর গত ২৯ মে’র পর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ ছিল না। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর পরবর্তীতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় পরিবার।
নিহতের চাচা আনিস দাবি করেন, একটি এজেন্সির মাধ্যমে তাকে রাশিয়ায় রাজমিস্ত্রির কাজের কথা বলে নেওয়া হলেও পরে তাকে সেখানে সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এরপর তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় এবং সেখানেই ড্রোন হামলায় তার মৃত্যু ঘটে বলে জানান তিনি। নিহতের ভাই আশরাফুল ইসলাম বলেন, ড্রোন হামলায় তার ভাইয়ের মৃত্যু হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তিনি সরকারের কাছে মরদেহ দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানান।
নিহতের বোন আছিয়া অভিযোগ করে বলেন, একই সঙ্গে প্রায় ৩০ জন বাংলাদেশিকে রাশিয়ায় নেওয়া হয়েছিল এবং পরে তাদের সামরিক ক্যাম্পে পাঠানো হয়। তিনি দাবি করেন, তার ভাই অনুরোধ করেও পরিস্থিতি থেকে বের হতে পারেননি। এদিকে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তী পদক্ষেপের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।