সৌদি আরবে বসবাসরত প্রিমিয়াম রেসিডেন্সি সুবিধাভোগীদের জন্য নতুন কর্মসংস্থান নীতিমালা চালু করা হয়েছে। এখন থেকে এ শ্রেণির বাসিন্দাদের নির্দিষ্ট কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এ পারমিটের জন্য ১০০ সৌদি রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে। দেশটির শ্রমবাজার ব্যবস্থাপনা–সংক্রান্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিউয়া’ নতুন নির্দেশনায় এ তথ্য জানিয়েছে। সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠান নিবন্ধন, প্রশিক্ষণ চুক্তি, পদত্যাগ এবং ভিসাসহ বিভিন্ন সেবা পরিচালিত হয়।
নতুন নীতিমালা অনুযায়ী, প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করা হবে কোম্পানির আকার এবং ইউনিফায়েড নম্বরের আওতায় নিবন্ধিত কর্মীর সংখ্যার ভিত্তিতে। এ ছাড়া ‘তামহীর’ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ চুক্তি এখন থেকে অনলাইনের মাধ্যমে নিবন্ধনের সুযোগ থাকবে। তবে এসব প্রশিক্ষণ চুক্তি সৌদিকরণ নীতির হিসাব বা বিদ্যমান কর্মসংস্থান–সংক্রান্ত বাধ্যবাধকতার অংশ হিসেবে বিবেচিত হবে না।
সেবা–সংক্রান্ত ফি ব্যাংক কার্ড, সাদাদ পেমেন্ট সিস্টেম এবং কিউয়া ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পরিশোধ করা যাবে বলেও জানানো হয়েছে। পদত্যাগের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়োগকর্তা আবেদন গ্রহণ বা স্থগিত না করলে কর্মীরা পদত্যাগপত্র জমা দেওয়ার সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করতে পারবেন। তবে নোটিশের সময়সীমা চাকরির চুক্তির শর্ত অনুযায়ী ভিন্ন হতে পারে। অন্যদিকে ভিসা–সংক্রান্ত নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। একবার ভিসা ইস্যু হওয়ার পর তাতে কোনো তথ্য সংশোধনের সুযোগ থাকবে না। ভুল তথ্য থাকলে সংশ্লিষ্ট ভিসা বাতিল করে নতুন করে আবেদন করতে হবে।