মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। শনিবার (১৩ জুন) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি। বিজিবির একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত টহল কার্যক্রম চলাকালে সীমান্ত এলাকায় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তারা ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর হামলার চেষ্টা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালায়। এতে একজন চোরাকারবারি আহত হয়। ঘটনার পর আহত ব্যক্তি ও তার সহযোগী ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় থাকবে।