ইসলামী ব্যাংক সংক্রান্ত বিষয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর

প্রমাণ করতে পারলে আমি তাকে মেডেল দেব: স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জামায়াত আমির

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ জুন ২০২৬, দুপুর ১০:২১ সময় , আপডেট সময় : ১০ জুন ২০২৬, দুপুর ১০:২১ সময়

ইসলামী ব্যাংক সংক্রান্ত বিষয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, বক্তব্যে একটি নির্দিষ্ট দলকে পরোক্ষভাবে ইঙ্গিত করা হয়েছে, তবে সরাসরি নাম উল্লেখ করা হয়নি। মঙ্গলবার সংসদ অধিবেশনে ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তির দিকে ইঙ্গিত করে করা হয়েছে। তার ভাষায়, “নাম বললেই পারতেন, মাঝেমধ্যে নেকাব খোলা ভালো—এখানে খুললেন না কেন?”


ব্যাংক থেকে ৭০০ কোটি টাকা ঋণ নিয়ে নির্বাচনী তহবিলে ব্যবহার করা হয়েছে—এ ধরনের অভিযোগ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, যদি এ অভিযোগ জামায়াতকে উদ্দেশ্য করে হয়ে থাকে, তবে তা প্রমাণ করার আহ্বান জানাচ্ছেন তিনি। প্রমাণ করা গেলে ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পুরস্কৃত করার কথাও উল্লেখ করেন তিনি। রুরাল ডেভেলপমেন্ট স্কিম (আরডিএস) প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক বা ধর্মভিত্তিক প্রকল্প নয়। একই সঙ্গে ১১ হাজার কোটি টাকার অর্থায়নের উৎস ও ব্যবহার নিয়ে স্বচ্ছ ব্যাখ্যার দাবি জানান তিনি।


ব্যাংকের শেয়ার কাঠামো প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, অতীতে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বড় পরিসরে শেয়ার হস্তান্তর করা হয়েছে, যার ফলে নিয়ন্ত্রণে বড় ধরনের পরিবর্তন আসে। তবে তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি। তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক কোনো একক রাজনৈতিক দলের প্রতিষ্ঠান নয়; এখানে বিভিন্ন মতাদর্শ ও ধর্মের মানুষও সম্পৃক্ত। ব্যাংকটি ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে বলেও সতর্ক করেন তিনি।


জোরপূর্বক শেয়ার হস্তান্তরের অভিযোগ তুলে তিনি আগের মালিকদের কাছে শেয়ার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান এবং নিয়ম অনুযায়ী নতুনভাবে পরিচালনা কাঠামো গঠনের প্রস্তাব দেন। কয়েকটি ব্যাংকে আমানত ফেরত নিয়ে ভোগান্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের বড় ব্যাংকগুলোতে একই ধরনের সংকট তৈরি হলে তার প্রভাব ভয়াবহ হতে পারে। সভায় সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯