দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় ১২ জেলার জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার দুপুর ১টা পর্যন্ত কার্যকর এ পূর্বাভাসে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃসতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বর্ষার বিস্তার আরও জোরালো হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে সক্রিয় হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে দেশের অবশিষ্ট এলাকাতেও বর্ষা ছড়িয়ে পড়তে পারে।
আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতিভারি বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, বৃষ্টিপাতের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সামান্য কমতে পারে, ফলে গরমের তীব্রতা কিছুটা হ্রাস পেতে পারে।