পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের এক মাসের মধ্যেই তৃণমূল কংগ্রেসে বড় ধরনের অভ্যন্তরীণ সংকটের ইঙ্গিত পাওয়া গেছে। দলটির একাধিক বিধায়ক নেতৃত্বের বাইরে গিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের ৫৮ জন বিধায়ক দলনেত্রী মমতা ব্যানার্জি-কে পাশ কাটিয়ে বিধানসভায় নতুন বিরোধী দলীয় নেতা নির্বাচন করেছেন। তারা ঋতব্রত ব্যানার্জিকে এই পদে সমর্থন জানিয়ে স্পিকারের কাছে লিখিত আবেদনও করেন বলে জানা গেছে।
এদিকে দলের অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেই কলকাতার মেয়র ও ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ফিরহাদ হাকিমের পদত্যাগের খবরও সামনে আসে। দলীয় সূত্রে বলা হয়েছে, তিনি দলনেত্রীর অনুমতি নিয়েই পদত্যাগ করেছেন, যদিও বিষয়টি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে দলে বিভাজন আরও স্পষ্ট হচ্ছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। একাংশ বিধায়কের ভিন্ন অবস্থান এবং গুরুত্বপূর্ণ পদত্যাগ দলটির ভেতরের টানাপোড়েনকে সামনে নিয়ে এসেছে।
দলীয় পরিস্থিতি স্বাভাবিক করতে দলনেত্রী মমতা ব্যানার্জি বিধায়কদের নিয়ে বৈঠক ডাকেন। তবে দলের উল্লেখযোগ্য সংখ্যক বিধায়ক সেই বৈঠকে অনুপস্থিত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে জানা গেছে। তবে দলীয় নেতৃত্বের ঘনিষ্ঠ কয়েকজন এবং শীর্ষ পর্যায়ের কিছু নেতা বৈঠকে উপস্থিত ছিলেন। পুরো পরিস্থিতি নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা ও সমঝোতার চেষ্টা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী পরাজয়ের পর এই ধরনের অভ্যন্তরীণ টানাপোড়েন তৃণমূল কংগ্রেসের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে এবং দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
সূত্র: এনডিটিভি