যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে সন্দেহভাজন হামলাকারীসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। একাধিক স্থানে সংঘটিত এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, মাস্কাটিন শহরের দুটি আবাসিক বাড়ি এবং একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে গুলির ঘটনা ঘটে। নিহতদের সবাই হামলাকারীর পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোমবার দুপুরে পার্ক অ্যাভিনিউ এলাকার একটি বাড়িতে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে হামলার সঙ্গে ৫২ বছর বয়সী স্থানীয় বাসিন্দা রায়ান উইলিস ম্যাকফারল্যান্ডের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। পরে শহরের একটি পথচারী সেতুর কাছে আত্মঘাতী গুলির আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। জরুরি চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু ঘটে।
তদন্ত চলাকালে পুলিশ মিল স্ট্রিটের আরেকটি বাড়ি থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করে। পরে গ্র্যান্ডভিউ অ্যাভিনিউয়ের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানেও গুলিবিদ্ধ অবস্থায় আরেক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতজনে। পুলিশের প্রধান তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধের জের ধরে সংঘটিত একটি ভয়াবহ হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।
সূত্র: এনডিটিভি