ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক দূরত্ব পেরিয়ে ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন ওয়াং ইউলাই (৩২)। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক তরুণী আনিকা আক্তারকে বিয়ে করার উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন বলে জানা গেছে। শনিবার (৩০ মে) তিনি মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পূর্বপাড়া এলাকায় আনিকার বাড়িতে পৌঁছান। বিদেশি নাগরিকের আগমনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ওয়াং ইউলাই ও আনিকা আক্তারের পরিচয় হয়। শুরুতে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও ধীরে ধীরে তা প্রেমে রূপ নেয়। পরে এক মাসের ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন তিনি। ওয়াং ইউলাই জানান, তিনি আনিকাকে ভালোবাসেন এবং আইন অনুযায়ী ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে বিয়ে করতে চান। তার ভাষায়, দুই দেশের আইন মেনে নতুন জীবন শুরু করাই তার লক্ষ্য।
আনিকা আক্তারও জানান, অনলাইনে পরিচয়ের পর তাদের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয় এবং দু’জনই একসঙ্গে জীবন গড়ার সিদ্ধান্ত নেন। তিনি জানান, বিদেশে গিয়ে নতুন জীবন শুরু করতে তিনি মানসিকভাবে প্রস্তুত। পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রস্তুতি চলছে। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র ও ভিসা প্রক্রিয়া শেষ করে নবদম্পতি চীনে যাওয়ার পরিকল্পনা রয়েছে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়েছে এবং সেগুলো বৈধ পাওয়া গেছে। বর্তমানে তিনি নিরাপদে রয়েছেন এবং বিষয়টি পারিবারিক ও আইনগতভাবে প্রক্রিয়াধীন রয়েছে।