ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার মেয়ের সঙ্গে উপজেলা ছাত্রদল নেতার বিয়েকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা

ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ মে ২০২৬, দুপুর ২:৪৩ সময় , আপডেট সময় : ২৪ মে ২০২৬, দুপুর ২:৪৩ সময়

ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার মেয়ের সঙ্গে উপজেলা ছাত্রদল নেতার বিয়েকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। একই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিষয়টি এলাকায় ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে। গত বৃহস্পতিবার (২১ মে) কালীগঞ্জ উপজেলার বগেরগাছি গ্রামে অনুষ্ঠিত ওই বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।


তথ্য অনুযায়ী, রাখালগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম মন্টুর মেয়ে মেহেজাবিন ইসলাম তুলির সঙ্গে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহর বিয়ের আয়োজন করা হয়। সেখানে অতিথি হিসেবে যোগ দেন জামায়াতের সংসদ সদস্য আবু তালিব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান ওদু, আওয়ামী লীগ নেতা রাশেদ শমসের এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।


বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলাম মন্টুকে অতিথিদের আপ্যায়ন করতে দেখা যায়। এ সময় সংসদ সদস্য আবু তালিবকে নিজ হাতে খাবার পরিবেশন করার একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়। নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক কর্মী বলেন, শিবির কর্মী হত্যা মামলার একজন আসামির মেয়ের বিয়েতে অংশ নেওয়া দুঃখজনক।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৪ মার্চ কালীগঞ্জ মাহতাব উদ্দিন কলেজের পূর্ব গেট এলাকা থেকে শিবিরকর্মী শামীমকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। পরে একই বছরের ১৩ এপ্রিল যশোর সদরের লাউখালী এলাকার শ্মশানঘাট থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর নিহত শামীমের বাবা রুহুল আমিন কালীগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় মহিদুল ইসলাম মন্টুসহ ১২ জনের নাম উল্লেখ করে আরও ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে মাওলানা আবু তালিব বলেন, রাখালগাছি ইউনিয়নে তার গ্রামের বাড়ি হওয়ায় সামাজিক সম্পর্কের কারণে তিনি অনুষ্ঠানে গিয়েছিলেন। একই সঙ্গে তিনি বলেন, মামলার ভুক্তভোগী পরিবার যেন ন্যায়বিচার পায়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯