দেশের বিচার ব্যবস্থা নিয়ে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাবা যে হতাশা প্রকাশ করেছেন, তা অমূলক নয়

রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২১ মে ২০২৬, দুপুর ২:৫৪ সময় , আপডেট সময় : ২১ মে ২০২৬, দুপুর ২:৫৪ সময়

দেশের বিচার ব্যবস্থা নিয়ে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাবা যে হতাশা প্রকাশ করেছেন, তা অমূলক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (২১ মে) সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


আইনমন্ত্রী বলেন, মাগুরার আছিয়া ও ঢাকার রামিসার মতো ঘটনা দেশের মানবিক মূল্যবোধকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এমন নৃশংস অপরাধ কোনোভাবেই বিচারহীন থাকতে পারে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, রামিসার বাবা যে হতাশা প্রকাশ করেছেন, সেটার জবাব একটাই—দ্রুততম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা। তা সম্ভব না হলে তার বক্তব্যই সত্য প্রমাণিত হবে। তিনি আরও বলেন, ভুক্তভোগী পরিবারের অবস্থান থেকে অনুভূতি প্রকাশ করাটা স্বাভাবিক, তাই এটিকে ভিত্তিহীন বলা যাবে না।


আইনমন্ত্রী জানান, আছিয়ার মামলায় সাত দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হয়েছিল এবং এক মাসের মধ্যেই বিচার কার্যক্রম শেষ করা হয়েছিল। একইভাবে রামিসা হত্যার বিচারেও দ্রুততার নজির স্থাপন করা হবে বলে আশ্বাস দেন তিনি। তিনি বলেন, দেশের বিচার ব্যবস্থায় মামলার জট নিরসনে সরকার পদক্ষেপ নেবে। কোনো ধর্ষণ মামলা রাজনৈতিক বা অন্য কোনো বিবেচনায় প্রত্যাহার করা হবে না বলেও তিনি স্পষ্ট জানান।


মন্ত্রী আরও বলেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলাটির বিচার হবে এবং প্রসিকিউশন টিম এটিকে ‘ফাস্ট ট্র্যাক’ হিসেবে পরিচালনা করবে বলে আশা করা হচ্ছে। গত মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।


পরে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তিনি শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে। মেয়েকে হারিয়ে শোকাহত বাবা সংবাদমাধ্যমে বলেন, বিচার ব্যবস্থার ওপর তার আস্থা নেই এবং অতীতের উদাহরণ অনুযায়ী এমন ঘটনা কিছুদিন পর চাপা পড়ে যায় বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯