চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বাসের শ্রমিকদের ওপর সশস্ত্র হামলা ও একাধিক বাস ভাঙচুরের ঘটনার প্রতিবাদে কুমিল্লা–চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বোগদাদ ও আইদি পরিবহনের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত হঠাৎ করেই তাদের ওপর হামলা চালায় এবং পার্কিং অবস্থায় থাকা অন্তত ১৫টি বাসে ব্যাপক ভাঙচুর চালায়। এতে অন্তত ২০ জন শ্রমিক আহত হন বলে দাবি করা হলেও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত ১২ জন চিকিৎসা নিয়েছেন এবং তাদের মধ্যে ৫ জনকে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন—মো. হান্নান (২৮), আকরাম হোসেন (৩০), আমজাদ হোসেন (৩০), ইমান হোসেন (২৩), নাহিদ (২০), রেজাউল করিম (৩৬), আবুল হোসেন (৪১), হৃদয় হোসেন (২৫), মো. সুমন (৪৫), আকাশ (২০), শাহআলম (২৬) ও রিদয় হোসেন (২৪)।
ভুক্তভোগী শ্রমিক ও বোগদাদ পরিবহনের সুপারভাইজারদের ভাষ্য অনুযায়ী, স্কুল মাঠে রাখা বাসগুলোর পাশে শ্রমিকরা অবস্থান করছিলেন। তখনই হঠাৎ করে একদল লোক এসে তাদের মারধর শুরু করে এবং একের পর এক বাসে ভাঙচুর চালায়। ঘটনার পর থেকেই শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বেপারী বলেন, অন্ধকারের কারণে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।