আগামী জুন মাসের শেষ নাগাদ চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের মাধ্যমে পূর্ণমাত্রায় জ্বালানি তেল সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার (১৯ মে) জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এই পাইপলাইন চালু হলে দেশের জ্বালানি পরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। এতে পরিবহন ব্যয় ও সময় উভয়ই উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে আরও বলা হয়, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে সরকার ও বিরোধী দলের সদস্যদের নিয়ে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নেওয়া বিভিন্ন প্রকল্প, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে নতুন নীতিমালা ও গাইডলাইন, এবং সামগ্রিক জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিলিং স্টেশন স্থাপন, পরিচালনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। পাশাপাশি গ্যাস বিপণন নীতিমালাও হালনাগাদ করা হয়েছে।
কমিটির সভাপতি ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা দেশের জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।