জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর ইশতিয়াক হোসেন (৩৮) নামে এক যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি মঙ্গলবার (১৯ মে) বিকেলে কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামে ঘটে। স্থানীয় সূত্র ও পারিবারিক তথ্য অনুযায়ী, মৃত ইশতিয়াক ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবার জানিয়েছে।
জানা যায়, সোমবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে মঙ্গলবার বিকেলে গ্রামের হারুন অর রশিদের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা মরদেহটি উদ্ধার করেন এবং খবর পেয়ে স্বজনরা গিয়ে ইশতিয়াককে শনাক্ত করেন।
পরিবারের ধারণা, হাঁটার সময় হঠাৎ মৃগী রোগের তীব্রতা বেড়ে গেলে তিনি পুকুরে পড়ে যান এবং সেখান থেকে আর উঠতে না পারায় তার মৃত্যু হতে পারে। এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।