ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, খুব দ্রুতই এই যুদ্ধের সমাপ্তি ঘটানো হবে। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরান বর্তমানে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তার ভাষায়, তেহরান চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে এবং দীর্ঘ সংঘাতে তারা ক্লান্ত।
পারমাণবিক ইস্যুতে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্র এ বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে এবং পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে তিনি আশাবাদী। তিনি আরও বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র যাবে না এবং খুব সুন্দরভাবেই এই সংকটের সমাপ্তি টানা হবে বলে তিনি বিশ্বাস করেন।
এদিকে কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ সীমিত করতে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে একটি যুদ্ধ ক্ষমতা–সংক্রান্ত প্রস্তাব এগিয়ে নেওয়ার পক্ষে ভোট হয়েছে। বিষয়টি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।
সূত্র: আল-জাজিরা।