আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশু জবাইয়ের পর উৎপন্ন বর্জ্য দ্রুত অপসারণে কঠোর অবস্থান নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

সিলেটে ৮ ঘণ্টার মধ্যেই সরবে কোরবানির বর্জ্য

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:২৯ সময় , আপডেট সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:২৯ সময়

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশু জবাইয়ের পর উৎপন্ন বর্জ্য দ্রুত অপসারণে কঠোর অবস্থান নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশব্যাপী ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের সরকারি নির্দেশনার চেয়েও এগিয়ে গিয়ে সিলেট নগরীকে ৮ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ পরিষ্কার করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৮ মে) নগর ভবনে অনুষ্ঠিত এক বিশেষ প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, কোরবানির পশু জবাইয়ের পর মাত্র ৮ ঘণ্টার মধ্যেই পুরো নগরীকে বর্জ্যমুক্ত করতে হবে। তিনি সতর্ক করে জানান, এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বা ব্যর্থতা গ্রহণযোগ্য হবে না।


সভায় তিনি আরও উল্লেখ করেন, দেশের শীর্ষ নেতৃত্বের ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশনা থাকলেও সিলেট সিটি কর্পোরেশন ৮ ঘণ্টার মধ্যে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি বাড়াতে ওয়ার্ডভিত্তিক প্রতিযোগিতামূলক পুরস্কার ব্যবস্থা চালুর কথাও ঘোষণা করা হয়।


প্রশাসক বলেন, যে ওয়ার্ড সবচেয়ে দ্রুত ও সঠিকভাবে বর্জ্য অপসারণ সম্পন্ন করবে, সেই ওয়ার্ডকে বিশেষ লজিস্টিক সহায়তা ও প্রশাসনিক সহযোগিতার পাশাপাশি পুরস্কৃত করা হবে। এদিকে নগরবাসীর সহযোগিতা ছাড়া এ কর্মযজ্ঞ সফল করা সম্ভব নয় বলে মন্তব্য করেন সিসিক প্রশাসন। নাগরিকদের নির্দিষ্ট স্থানে বা ব্যাগে বর্জ্য সংরক্ষণ করে পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তা করার অনুরোধ জানানো হয়।


সভায় সভাপতিত্ব করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। তিনি বলেন, পূর্বের অভিজ্ঞতার মতো এবারও দ্রুততম সময়ে কোরবানির বর্জ্য অপসারণ করে সিলেট নগরীকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদী। সভায় আরও উপস্থিত ছিলেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নেহার রঞ্জন পুরকায়স্থসহ বিভিন্ন ওয়ার্ডের কর্মকর্তা ও বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯