টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্রেমিকের হাত ধরে শ্বশুরবাড়ি থেকে পালানোর চার দিন পর সূচনা (১৭) নামের এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে মধুপুর উপজেলার মাইজবাড়ি গ্রামের আলমের সঙ্গে সূচনার বিয়ে হয়। কিন্তু বিয়ের অল্পদিন পরই গত ১৪ মে রাতে ঘাটাইল উপজেলার সত্তুরবাড়ি গ্রামের সরোয়ারের ছেলে ও তার প্রেমিক শাওয়ালের (১৮) সঙ্গে পালিয়ে যায় সূচনা।
পরবর্তীতে দুই পরিবারের মধ্যে সমঝোতার চেষ্টা হয় এবং তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে দেওয়ার আশ্বাসে শনিবার রাতে সূচনাকে স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাবুর ভাড়া বাসায় নিয়ে আসা হয়। স্থানীয়দের দাবি, ঘটনার সময় চেয়ারম্যান ও তার স্ত্রী বাসায় ছিলেন না। এ সময় সূচনা ও শাওয়ালের পরিবার সেখানে অবস্থান করছিল। রোববার সন্ধ্যায় সূচনা একটি কক্ষে ছিল এবং কিছুক্ষণ পরেই ঘটনাটি ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সূচনা কক্ষে একা থাকা অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।