ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশ ইস্যুতে আবারও কঠোর অবস্থান নিয়েছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (১৮ মে) সন্ধ্যায় কলকাতার ভবানীপুর ও ক্যামাক স্ট্রিটে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি সীমান্ত নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক পদক্ষেপ নিয়ে একাধিক কঠোর মন্তব্য করেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে জয়ী হওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী সীমান্ত সুরক্ষা জোরদার এবং অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর বিষয়ে কঠোর অবস্থান জানান।
তিনি বলেন, সীমান্ত আরও সুরক্ষিত করা হবে এবং অবৈধভাবে প্রবেশকারীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। একই সঙ্গে তিনি প্রশাসনিক অবস্থান থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে তিনি আরও দাবি করেন, অনুপ্রবেশ ও ভোটার তালিকা সংশোধন নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাম্প্রতিক পার্ক সার্কাস এলাকায় সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পুলিশ ও সরকারি স্থাপনার ওপর হামলা, ভাঙচুর কিংবা বিশৃঙ্খলা কোনোভাবেই সহ্য করা হবে না। এ ঘটনায় ইতোমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
একই দিনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন সামাজিক ভাতা ও প্রকল্প পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার নির্ধারণ করে শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও অভিযোগ করেন, পূর্ববর্তী সময়ে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি হয়েছে এবং এসব বিষয়ে তদন্ত অব্যাহত থাকবে। অনুষ্ঠানে রাজনৈতিক প্রতিপক্ষদের উদ্দেশে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী দাবি করেন, জনগণ তাদের রায় দিয়েছে এবং ভবিষ্যতে প্রশাসনিক ব্যর্থতার জবাবদিহি নিশ্চিত করা হবে।