ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে রওনা হওয়া একটি আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহরের ওপর বড় ধরনের বাধা দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী।

গাজাগামী ত্রাণ বহরের ৩৯টি জাহাজ আটক করল ইসরায়েল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:১২ সময় , আপডেট সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:১২ সময়

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে রওনা হওয়া একটি আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহরের ওপর বড় ধরনের বাধা দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। পূর্ব ভূমধ্যসাগরে বহরের ৩৯টি জাহাজ আটকে দেওয়া হলেও বাকি কিছু জাহাজ ইসরায়েলি বাধা উপেক্ষা করে গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন আয়োজকরা। সোমবার (১৮ মে) আন্তর্জাতিক ত্রাণ বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, গাজার ওপর আরোপিত নৌ অবরোধের কোনো লঙ্ঘন তারা সহ্য করবে না।


ত্রাণবহরে ইসরায়েলি হস্তক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান এই ঘটনাকে ‘জলদস্যুতা’ বলে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক থাকা নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তনে তারা কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে।


আয়োজকদের তথ্য অনুযায়ী, ৩৯টি দেশের ৪২৬ জন অধিকারকর্মী নিয়ে মোট ৫৪টি জাহাজের এই বহরটি গত বৃহস্পতিবার দক্ষিণ তুরস্কের একটি বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আন্তর্জাতিক জলসীমায় প্রায় ২৫০ নটিক্যাল মাইল দূরে পৌঁছালে ইসরায়েলি যুদ্ধজাহাজ বহরটিকে ঘিরে ফেলে এবং এক পর্যায়ে কমান্ডোরা কয়েকটি জাহাজে অভিযান চালায়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ত্রাণ বহরকে ‘উস্কানি’ হিসেবে আখ্যা দিয়ে দাবি করেছে, আন্তর্জাতিক নৌ অবরোধের বিধি লঙ্ঘন করা হচ্ছে। তারা বহরের সদস্যদের দিক পরিবর্তন করে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।


এদিকে ত্রাণবাহী জাহাজ ‘লার্ক’-এ অবস্থানরত তুর্কি অধিকারকর্মী আহমেদ সোইলেমেজ জানান, তারা বাধা সত্ত্বেও গাজার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ৩৯টি জাহাজ আটক হওয়ার ঘটনায় বাকি জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। উল্লেখ্য, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আগেও একাধিকবার গাজামুখী ত্রাণ মিশনে ইসরায়েলি বাধার মুখে পড়েছে। বিভিন্ন সময়ে এ ধরনের অভিযানে বহু অধিকারকর্মী আটক ও গ্রেপ্তার হওয়ার ঘটনাও ঘটেছে।


গাজায় চলমান মানবিক সংকটের মধ্যে এই ত্রাণবহরকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, উপত্যকার ২০ লাখের বেশি মানুষ চরম মানবিক সংকটে রয়েছে, যদিও ইসরায়েল ত্রাণ সরবরাহে বাধার অভিযোগ অস্বীকার করেছে।


সূত্র: রয়টার্স

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯