যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি স্থবিরতা কাটাতে এবং দীর্ঘদিন থমকে থাকা শান্তি আলোচনা পুনরায় সচল করার লক্ষ্য

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ মে ২০২৬, সকাল ৯:৪৪ সময় , আপডেট সময় : ১৭ মে ২০২৬, সকাল ৯:৪৪ সময়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি স্থবিরতা কাটাতে এবং দীর্ঘদিন থমকে থাকা শান্তি আলোচনা পুনরায় সচল করার লক্ষ্য নিয়ে আকস্মিক সফরে ইরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। শনিবার (১৬ মে) দুই দিনের সরকারি সফরে তিনি তেহরানে পৌঁছান বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যম।


তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি আনতে পাকিস্তান ধারাবাহিকভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফরকে দেখা হচ্ছে। তেহরানে পৌঁছালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি। এর আগে মাত্র কয়েক দিন আগে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও তেহরান সফর করেছিলেন।


সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা শুরু থেকেই পাকিস্তান করে আসছে। গত মাসেও ইসলামাবাদ দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছিল। এদিকে চলমান পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা আবার শুরু করার সম্ভাবনা তৈরি হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানিয়েছেন, ওয়াশিংটন থেকে পাওয়া কিছু বার্তা আলোচনায় আগ্রহের ইঙ্গিত দিচ্ছে।


তবে এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি পাল্টা প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং সতর্ক করে বলেন, বর্তমান যুদ্ধবিরতি কার্যত ‘লাইফ সাপোর্টে’ রয়েছে। অন্যদিকে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ওয়াশিংটনের উচিত তেহরানের প্রস্তাব গ্রহণ করা, অন্যথায় তাদের গুরুতর পরিণতির মুখে পড়তে হবে। বিশ্লেষকদের মতে, বর্তমান কূটনৈতিক তৎপরতা সফল হলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত হতে পারে, তবে পরিস্থিতি এখনও অত্যন্ত অনিশ্চিত।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯