ইরান যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে প্রতিরক্ষা, জ্বালানি ও জাহাজ পরিবহনসহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়াতে

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই ভারত-আমিরাতের বড় প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তি সই

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৫৩ সময় , আপডেট সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৫৩ সময়

ইরান যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে প্রতিরক্ষা, জ্বালানি ও জাহাজ পরিবহনসহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়াতে নতুন চুক্তি করেছে ভারত ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। শুক্রবার (১৫ মে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবুধাবি সফরের সময় এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন, যেখানে দুই দেশ কৌশলগত সম্পর্ক আরও গভীর করার বিষয়ে একমত হয়।


নতুন প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোর আওতায় সামুদ্রিক নিরাপত্তা, সাইবার প্রতিরক্ষা, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, তথ্য আদান-প্রদান, সামরিক প্রশিক্ষণ ও যৌথ মহড়ার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা প্রযুক্তি ও শিল্পখাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্তও নেওয়া হয়। জ্বালানি নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলে সংরক্ষিত অপরিশোধিত তেলের একটি অংশ ভারতের কৌশলগত তেল মজুদের সঙ্গে যুক্ত করার বিষয়ে সমঝোতা হয়েছে। একই সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বাড়ানোর বিষয়েও দুই দেশ একমত হয়েছে, যা ভারতের জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।


চুক্তি স্বাক্ষরের সময় মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে ইরান-সম্পর্কিত উত্তেজনা এবং সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটও আলোচনায় আসে বলে জানা যায়। বর্তমানে ইউএই ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং বড় বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম। দেশটিতে প্রায় ৪৫ লাখ ভারতীয় প্রবাসী বসবাস করেন।


আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই চুক্তিগুলো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণে নতুন কৌশলগত মাত্রা যোগ করতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯