আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না—এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর শিল্পকলা অডিটোরিয়ামে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচন পরবর্তী দুটি উপনির্বাচনের পরিস্থিতি দেখে তার দল নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে গুরুতর শঙ্কায় রয়েছে। এমন পরিস্থিতিতে গণতান্ত্রিক অধিকার রক্ষায় জনগণকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, পূর্ববর্তী সময়ে কিছু আন্তর্জাতিক চুক্তি নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোকে অবহিত করা হয়নি, যা স্বচ্ছতার পরিপন্থী। তিনি বলেন, দেশের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ ও তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা জরুরি। রংপুর অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এই অঞ্চলকে উপেক্ষা করে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। তিনি তিস্তা মহাপরিকল্পনা ও তিস্তা চুক্তি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে দলীয় অবস্থান আরও জোরদার করার কথা জানান।
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন স্থানে প্রশাসনিক নিয়োগ ও দলীয় প্রভাব বিস্তারের মাধ্যমে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াত আমির বলেন, জনগণের মতামতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তার দল রাজপথে কঠোর অবস্থান নেবে। তবে ভালো ও জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।