রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি,

দীপু মনি-ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ মে ২০২৬, দুপুর ৩:২৫ সময় , আপডেট সময় : ১৪ মে ২০২৬, দুপুর ৩:২৫ সময়

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রুপা-কে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১৪ মে) প্রসিকিউশনের আবেদনের পর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ৭ জুন তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।


এর আগে সকালে প্রিজনভ্যানে করে তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা এরই মধ্যে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। গত ৭ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য হাজির করার নির্দেশ দিয়েছিল। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনায় ৫৮ জন নিহত হওয়ার তথ্য তদন্ত সংস্থা নিশ্চিত করেছে।


প্রসিকিউশন দাবি করে, ওই সময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা দীপু মনি আন্তর্জাতিক মহলে ঘটনাটিকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান হিসেবে তুলে ধরেছিলেন। এছাড়া সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা টেলিভিশন সম্প্রচারে হেফাজতে ইসলামের সমাবেশ নিয়ে উসকানিমূলক বক্তব্য প্রচার করেছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।


তৎকালীন সময়ে মোজাম্মেল বাবু একটি বেসরকারি টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে প্রসিকিউশন জানায়। বর্তমানে এই মামলায় আরও কয়েকজন কারাগারে রয়েছেন। তাদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, সাবেক সামরিক কর্মকর্তা জিয়াউল আহসান এবং লেখক শাহরিয়ার কবির।


উল্লেখ্য, শাপলা চত্বরের ওই ঘটনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কাছে অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি অভিযোগটি দায়ের করেন। মামলায় মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯