পবিত্র ঈদুল আজহা সামনে রেখে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (১৩ মে) সকাল থেকে বিশেষ ব্যবস্থাপনায় আগামী ২৩ মে’র টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। কালোবাজারি রোধ ও যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বুধবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে।
ঈদ যাত্রার জন্য বিশেষ পরিকল্পনায় মোট পাঁচ দিনের টিকিট অগ্রিম বিক্রি করা হবে। এতে ২৪ মে’র টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হবে। নিয়ম অনুযায়ী, একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করা যাবে। তবে ঈদ অগ্রিম যাত্রার টিকিট কোনোভাবেই রিফান্ড করা যাবে না।
এছাড়া যাত্রীদের সুবিধার্থে মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। রেলওয়ে আরও জানিয়েছে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হবে।