খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আধিপত্য বিস্তার,

খুলনায় সন্ত্রাসীরা বেপরোয়া

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৩২ সময় , আপডেট সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৩২ সময়

খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক ঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় খুলনা মহানগরীর বটিয়াঘাটা উপজেলার রাঙ্গেমারী এলাকায় আজিজুল ইসলাম (৩৮) নামে এক যুবককে মোটরসাইকেলে আসা কয়েকজন সন্ত্রাসী অপহরণ করে নিয়ে কুপিয়ে হত্যা করে। একইভাবে গত ৪ মে নগরীতে রাজু হাওলাদার (৩৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার ওপর আবারও হামলার অভিযোগ পাওয়া যায়।


পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গত পাঁচ মাসে খুলনা মহানগর ও জেলায় মোট ২৯টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে মহানগরীতে ১১টি এবং জেলার বিভিন্ন উপজেলায় আরও ১৮টি হত্যার ঘটনা ঘটেছে। সূত্র জানায়, এসব হত্যাকাণ্ডের পেছনে মূলত মাদক ব্যবসা, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এবং অবৈধ অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব কাজ করছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গত বছর মহানগরীতে ৪০টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। চলতি বছরেও পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। জানুয়ারি মাসেই সদর থানায় তিনটি হত্যাকাণ্ড ঘটে।


পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মাদক কারবারিদের তালিকা অনুযায়ী গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং অভিযান চলছে। চাঁদাবাজির সঙ্গে জড়িত রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, নগরীতে ৪৭ জন সন্ত্রাসী ও চাঁদাবাজের তালিকা তৈরি করা হয়েছে এবং তাদের পেছনে থাকা প্রভাবশালীদের শনাক্তের কাজ চলছে। র‍্যাবের পক্ষ থেকেও শীর্ষ অপরাধীদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যেখানে ৩৩ জনের নাম রয়েছে।


র‍্যাব-৬ জানিয়েছে, তালিকাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে খুলনা নাগরিক সমাজের নেতারা বলছেন, মাঠ পর্যায়ে দৃশ্যমান কোনো কঠোর অভিযান দেখা যাচ্ছে না। প্রশাসন চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। খুলনা সিটি করপোরেশনের প্রশাসকও স্বীকার করেছেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক অবস্থায় রয়েছে এবং দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯