জনগণের সমস্যা, অসঙ্গতি ও বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যম রাষ্ট্র ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করে। শনিবার (৯ মে) রাজধানীর পুরানা পল্টনের ট্রপিকানা টাওয়ারে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “বিগত সময়ে সাংবাদিকতার ওপর চাপ প্রয়োগ করে স্বাধীন গণমাধ্যমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছিল। আমরা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি।” তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সাংবাদিকদের সত্য ও নিরপেক্ষভাবে কাজ করতে হবে, যাতে রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীলরা বাস্তব সমস্যাগুলো জানতে পারেন এবং সমাধান করতে পারেন।
গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, গণমাধ্যমের মাধ্যমে রাষ্ট্রে চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হয় এবং জনগণ ও সরকারের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। এটি একটি স্বাধীন ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সত্য প্রকাশে যেন কোনো ধরনের চাপ সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকার সচেষ্ট থাকবে।
বক্তব্যের শুরুতে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের প্রতিও শ্রদ্ধা প্রকাশ করেন।