আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে দলসমর্থিত ১০০ প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে দলটি। এ উপলক্ষে আজ রোববার বিকালে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি। শনিবার (৯ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন কমিটির চেয়ারম্যান সারজিস আলম।
ফেসবুক পোস্টে তিনি জানান, রোববার বিকাল ৩টায় প্রথম ধাপে এনসিপি সমর্থিত ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র প্রার্থীর নাম প্রকাশ করা হবে। এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও একই তথ্য জানানো হয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং সদস্যসচিব আব্দুল হান্নান মাসউদ। এছাড়া দলের বিভিন্ন বিভাগের সাংগঠনিক সম্পাদকরাও অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।
স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলটি মাঠপর্যায়ে নিজেদের অবস্থান শক্ত করতে আগেভাগেই নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বলেও মনে করা হচ্ছে।