দেশের ১৮টি অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়, দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।