জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যাত্রাবাড়ীতে সংঘটিত হত্যাকাণ্ডসহ তিনটি পৃথক মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন। মঙ্গলবার বিচারপতি এ কে এম জহিরুল হক ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন। গত বছরের সেপ্টেম্বর মাসে গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন। সুজনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। তিনি জানান, তিনটি হত্যা মামলাতেই আদালত তার জামিন মঞ্জুর করেছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় আন্দোলন চলাকালে সংঘর্ষে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৯৮ জনকে আসামি করা হয়। এর আগে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। পরদিন তাকে একটি মামলায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হলেও হাই কোর্টে আগেই জামিন আবেদন বিচারাধীন থাকায় রিমান্ড আদেশ বাতিল হয়।
পরে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করা হলেও আদালত তাকে রিমান্ড না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সর্বশেষ হাই কোর্টের এই জামিন আদেশে তার মুক্তির পথ খুলে গেল।