চিত্রনায়িকা মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মুক্তির আগেই বিতর্কে জড়িয়ে পড়েছে। নির্মাতা হাসান জাহাঙ্গীর সিনেমাটি আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দেওয়ার পর এর বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন মৌসুমী ও তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। রোববার (৩ মে) সন্ধ্যায় প্রকাশিত এক ভিডিও বার্তায় ওমর সানী দাবি করেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মূলত কোনো সিনেমা নয়, বরং যুক্তরাষ্ট্রে নির্মিত একটি নাটক। তার মতে, এটি মৌসুমীর প্রচলিত ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তাই তিনি এর মুক্তি না দেওয়ার আহ্বান জানান।
একই ভিডিওতে মৌসুমী জানান, নির্মাতার অনুরোধে তিনি যুক্তরাষ্ট্রে একটি এক ঘণ্টার নাটকের কাজ করতে রাজি হন এবং একাধিক দফায় শুটিং সম্পন্ন করেন। পরবর্তীতে তাকে জানানো হয় কাজটি টেলিছবি হিসেবে মুক্তি দেওয়া হবে এবং পারিশ্রমিক নিয়েও আলোচনা হয়। তবে পরে তিনি জানতে পারেন, এটিকে সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে এবং সেন্সর সনদও পাওয়া গেছে, যা তার কাছে বিস্ময়কর বলে জানান তিনি।
মৌসুমী অভিযোগ করেন, তার অজান্তেই কাজটির ধরন পরিবর্তন করা হয়েছে এবং তাকে ‘কাটপিসের মতো ব্যবহার’ করা হয়েছে, যা তিনি অনৈতিক বলে মনে করেন। এ ঘটনায় তিনি চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যদিকে ওমর সানী জানিয়েছেন, বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোতে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে।
তবে নির্মাতা হাসান জাহাঙ্গীর এসব অভিযোগ অস্বীকার করে বলেন, মৌসুমীকে সিনেমার সম্মানী দিয়েই প্রকল্পে যুক্ত করা হয়েছিল। এর আগে এক সাক্ষাৎকারে মৌসুমী জানিয়েছিলেন, তিনি হাসান জাহাঙ্গীরের কোনো সিনেমার শুটিং করেননি, বরং দুটি নাটকের কাজ করেছেন। সব মিলিয়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নির্ধারিত সময়ে মুক্তি পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।